ঢাকা

গাকৃবিতে আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আধুনিক কৃষিযন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা থেকে আসা ৪০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং স্বল্প সময়ে অধিক উৎপাদনের বাস্তবসম্মত কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

 

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি তখনই সার্থক হয়, যখন তা মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে কার্যকরভাবে ব্যবহৃত হয়। দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই।” তিনি কৃষকদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সফিউল ইসলাম আফ্রাদ। বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. অহিদুজ্জামান এবং অধ্যাপক মো. মোস্তাফিজার রহমান সচিত্র উপস্থাপনার মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার পদ্ধতি প্রদর্শন করেন। সবশেষে বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক অধ্যাপক মো. মামুনুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



সম্পর্কিত খবর