বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক-চন্দ্রা, ভোগড়া ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
এদিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও কোনাবাড়ী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। শ্রমিকদের বিক্ষোভের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালান। শ্রমিক অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে ভোগড়া এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।