হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
শিক্ষার্থীরা ১০টি স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা ও নকশি পিঠাসহ দেশীয় ঐতিহ্যের বাহারি পিঠা প্রদর্শন করে। পিঠা উৎসবের পাশাপাশি আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আ. রউফের সভাপতিত্বে হামিদা বেগম মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাউছার শোকরানা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, কাচুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন এবং শাহ্ শামছুদ্দীন আখনজী (রহ.) ইসলামী একাডেমির অধ্যক্ষ কুতুব উদ্দিন আখঞ্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা কর্মকর্তা মো. কাউছার শোকরানা বলেন, “শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এমন আয়োজন প্রশংসনীয়। এটি ব্যস্ত জীবনে গ্রামীণ ঐতিহ্যের স্বাদ ফিরিয়ে আনে।” অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সহপাঠীদের সঙ্গে নিয়ে এত ধরনের পিঠা দেখার অভিজ্ঞতা তার জন্য প্রথম। সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেধাবৃত্তি তুলে দেন।