গ্রামীণ জনস্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল আশ্রয়ণ প্রকল্পে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম প্রতিষ্ঠার পর থেকে শুরু না হওয়ায় এটি তালাবদ্ধ রয়েছে। সেখানে কোনো সরঞ্জাম ও কার্যক্রম না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। এতে স্থানীয় সেবাপ্রাপ্তদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গড় ধর্মপাল আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি ২০১৯-২০ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১০ লাখ ২৮ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ কনস্ট্রাকশন নির্মাণ করে।
এদিকে ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে কার্যক্রম শুরু না হওয়ায় এবং জনবলসহ প্রয়োজনীয় ওষুধ ও বিভিন্ন সরঞ্জামাদি না থাকায় চিকিৎসাসেবা নিতে এসে হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে ক্লিনিকটিতে জনবল ও ওষুধপত্র না থাকায় সাধারণ রোগীরা প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে ক্লিনিক ভবনটির কক্ষে এলাকাবাসী তাদের খড়ি, ভুট্টা ও ধানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রেখে ব্যবহার করছেন। আর এর চারপাশ ময়লা-আবর্জনা ও জঙ্গলে ভর্তি।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, গ্রামের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সরকারি এ কমিউনিটি ক্লিনিকে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদানসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা থাকলেও গড় ধর্মপাল কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জন্মলগ্ন থেকেই কার্যত বন্ধ রয়েছে।
গড় ধর্মপাল এলাকার শামসুল ইসলাম বলেন, “এই এলাকার কমিউনিটি ক্লিনিকে নেই প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম। ফলে স্বাস্থ্যসেবা নিতে এসে মানুষকে ফিরে যেতে হয়।”
ওই গ্রামের গৃহবধূ মালেকা খাতুন (২৯) ক্ষোভ ঝেড়ে বলেন, “যে ক্লিনিক নামেই আছে, কাজে নেই—তাহলে এই ক্লিনিক দিয়ে আমাদের কী উপকার? এর চেয়ে না থাকাই ভালো।”
একই কথা ওই গ্রামের আসমা বেগমের কথায়ও উঠে আসে। তিনি জানান, গ্রামের অনেক নারী এখনও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন নন। তারা ক্লিনিকের ওপর নির্ভরশীল। কিন্তু ক্লিনিকের কার্যক্রম শুরু না হওয়ায় এবং সেখানে কর্মকর্তা ও প্রয়োজনীয় সামগ্রী না থাকায় বাধ্য হয়ে আমাদের গরিব মানুষকে বাইরে যেতে ও চিকিৎসাসামগ্রী কিনতে হচ্ছে, যা অনেকের পক্ষেই কষ্টসাধ্য।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা পেলেই এর কার্যক্রম শুরু করা হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো আগে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকলেও এখন ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দ্রুত এ ক্লিনিকের কার্যক্রম শুরু না হলে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে।