জামালপুরের দিগপাইত উপ-শহরে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভায় পাঁচ সদস্যের এই প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিদায়ী আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামরুল হাসানকে সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক রমজান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র মম, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম এবং নির্বাহী সদস্য সিফাত মিয়া।
সাধারণ সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের আবহে বর্তমানে সংক্ষিপ্ত আকারে এই কমিটি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। উক্ত সভায় জামালপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।