জামায়াতে ইসলামী বাংলাদেশকে পিছিয়ে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।
নারীদের অধিকার প্রসঙ্গে জামায়াত নেতার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “জামায়াতের আমির নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে, তা সত্য হলে তা হবে মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা এই অবমাননা মেনে নেবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে বসে থাকতে বলবে এবং কাজ না করলেও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণা।”
ঠাকুরগাঁও-১ আসনের এই প্রার্থী আরও অভিযোগ করেন, জামায়াত মানুষকে বিভ্রান্ত করতে ধর্মীয় আবেগ ব্যবহার করছে। তারা সাধারণ মানুষকে বলছে ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিলে জান্নাতে যাবে—এমন বক্তব্য ভিত্তিহীন। নারী-পুরুষের সমান অধিকার ছাড়া দেশ এগোতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা পিছিয়ে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।”
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।