খুলনা

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এসএ টিভির ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক বিমল কুমার সাহা, সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু এবং ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান।

 

এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ আগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও সেন্ট্রাল কেবল নেটওয়ার্কের পরিচালক ইসাহাক আলীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।



সম্পর্কিত খবর