ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ি মন্দির সংলগ্ন চিত্রা নদীতে এই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো এবং মঞ্জুরুল হক খোকা সহ অনেকে।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি খাদ্য নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই এগিয়ে আসতে হবে। ছোট পরিসরে হলেও মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। তিনি জানান, আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে তাঁরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি পৌঁছে দিতে চান।