ঢাকা

টাঙ্গাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ৩ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং বাড়তি দামে সিলিন্ডার বিক্রির দায়ে করটিয়া ইউনিয়নের গড়াসিন বাজারের জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল। তিনি বলেন, "জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩শ থেকে ৪শ টাকা বেশি হাতিয়ে নিচ্ছেন। এ অবস্থায় জেলা ভোক্তা অধিকারের এই অভিযান অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক।" তিনি প্রান্তিক পর্যায়ে দাম নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

অভিযান চলাকালে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



সম্পর্কিত খবর