রংপুর

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল ও পুনর্বহাল নিয়ে জটিলতা

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৫ জন কর্মীকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাঁদের পুনর্বহালের নির্দেশনা দেওয়া হলেও সাত মাসেও তা বাস্তবায়ন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 

রবিবার (১৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “সাত মাস আগে কোনো কারণ ছাড়াই নিয়মবহির্ভূতভাবে এসব কর্মীকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি; তিনি দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন।”

 

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ‘মেসার্স সারমী ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিনার, আয়া, ওয়ার্ডবয় ও নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পদে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়। গত বছরের মাঝামাঝি সময়ে কোনো লিখিত নোটিশ ছাড়াই হাজিরা খাতা ও ডিউটি রেজিস্টার থেকে তাঁদের নাম বাদ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর ভুক্তভোগীরা নানা কর্মসূচি পালন করলে ২০২৫ সালের ২৩ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের পুনর্বহালের লিখিত নির্দেশ দেয়। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি।

 

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ও সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নেতারা অবিলম্বে মন্ত্রণালয়ের আদেশ মেনে ভুক্তভোগী কর্মীদের কাজে যোগদানের সুযোগ করে দেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ফিরোজ জামান জুয়েল বলেন, “নিয়োগ ও ছাঁটাইয়ের প্রক্রিয়াটি ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে মানবিক দিক বিবেচনা করে এবং সরকারিভাবে লোকবল বৃদ্ধির সুযোগ তৈরি হলে আমরা এই কর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”



সম্পর্কিত খবর