নানান ডামাডোলের মধ্যে ডেঙ্গুর কথা কি আমরা ভুলে গিয়েছি? প্রতিদিন বেশ কিছু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। নির্ণীত হচ্ছে না এমন ডেঙ্গুরোগীর সংখ্যা অনেক। ইতোমধ্যে বৃষ্টিপাতের মৌসুম চলে এসেছে। দেশের বিভিন্ন স্থানে একাধিকবার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ ডেঙ্গুর বাহক এডিসমশার প্রজননের উর্বর পরিবেশ তৈরি হচ্ছে। দেশে এডিস মশার ঘনত্ব পরিমাপের সমীক্ষা হওয়া না-হওয়া সম্পর্কে জনসাধারণকে জানানো হয়নি। ডেঙ্গুর প্রকোপ সম্পর্কীয় পূর্বাভাস দেয়া হয়নি। ডেঙ্গু প্রতিরোধী পদক্ষেপ গ্রহণে জনসাধারণকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত কেউ দেশে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমরা কি করছি না-করছি সেটাকে থোড়াই কেয়ার করে এডিসমশার সংখ্যাবৃদ্ধি শুরু হয়েছে, ডেঙ্গুরোগীর সংখ্যা এক-দুই-তিন করে বাড়ছে। প্রতিরোধের উপযুক্ত সময় এখনই। অবহেলায় জীবনহানি, স্বাস্থ্যহানি ও সম্পদহানি বাড়বে। আমি বা আপনি অথবা আপনার সন্তান বা আমার সন্তান ডেঙ্গু আক্রান্ত হতে পারে। অবহেলাজনিত একটি জীবনের সমাপ্তি, একজন মানুষের অসুস্থতাও অগ্রহণযোগ্য। ফেসবুক
ডা. লেলিন চৌধুরী: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ