নরসিংদীতে ৪ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সাহেপ্রতাব এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষার্থীরা সড়কের ওপর গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের অমীমাংসিত ৪ দফা দাবি আদায়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছেন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনভোগান্তি লাঘবে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।