ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের নির্বাচনী রাজনীতিতে আকস্মিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এই আসনের মনোনীত প্রার্থী মো. রাশেদ খানকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সাথে রাশেদ খানের ভার্চ্যুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে প্রার্থীর এমন আকস্মিক তলবকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এই বৈঠকে মনোনয়ন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন নাকি বিশেষ সাংগঠনিক নির্দেশনা দেওয়া হবে—তা নিয়েই এখন মূল আলোচনা।
এদিকে, রাশেদ খানকে এককভাবে ডাকার পর থেকেই সাধারণ কর্মী ও সমর্থকদের মাঝে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নাম বারবার আলোচনায় আসছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকায় ফিরোজের শক্ত জনভিত্তি এবং দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা থাকায় কেন্দ্রের বিশেষ কোনো সিদ্ধান্ত তাঁর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রাশেদ খান বিএনপি থেকে মনোনীত হলেও স্থানীয় নেতাকর্মীদের সাথে প্রয়োজনীয় সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে।
আসলে ঝিনাইদহ-৪ আসনে কোনো নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে কি না, তার উত্তর মিলতে পারে আজকের এই জরুরি বৈঠকের পর। আপাতত বিএনপির হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন জেলা ও উপজেলার সাধারণ নেতাকর্মীরা।