খুলনা

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, ফেরদৌস সভাপতি ও আইয়ুব সম্পাদক

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কে এম ফেরদৌস আখতারকে সভাপতি এবং মো. আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ বলেন, "দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষায় সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। সাধারণ মানুষ যেন হয়রানি মুক্তভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি সদস্যকে সজাগ থাকতে হবে।"

 

সংগঠনের জেলা সভাপতি ফেরদৌস আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মল্লিক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক।

 

বক্তারা তাদের বক্তব্যে সঠিক নিয়মে দলিল সম্পাদন এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে দলিল লেখকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিতে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে মো. আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং সঞ্চালনা করেন জেলা সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার কয়েক শ প্রতিনিধি অংশ নেন।



সম্পর্কিত খবর