রংপুর

দিনাজপুরের পুলিশ সুপার সেজে প্রতারণা: নেত্রকোনা ও ময়মনসিংহের দুই যুবক গ্রেফতার

দিনাজপুরের পুলিশ সুপারের ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মো. হিমেল (২২)। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতারক চক্রটি দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। তারা নিজেদের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পরিচয় দিয়ে জানায় যে, চিরিরবন্দর এলাকায় পুলিশের দুটি বুথ নির্মাণের জন্য ‘ডোনেশন’ প্রয়োজন। প্রতারকদের কথা বিশ্বাস করে গত ২ জানুয়ারি আক্তারুজ্জামান মিয়া বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা পাঠান। পরে আরও টাকা দাবি করলে প্রার্থীর সন্দেহ হয় এবং তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

 

এই ঘটনায় ৫ জানুয়ারি চিরিরবন্দর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় একটি মামলা করা হয়। তদন্তভার পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে গ্রেফতার করে।

 

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সম্পর্কিত খবর