পঞ্চগড়ের দেবীগঞ্জে এনজিও হৃদমের ম্যানেজারকে ম্যানেজ করে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পে চাকরি করার অভিযোগ উঠেছে আছিয়া খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে চাকরি নিয়ে প্রায় চার মাস ধরে তিনি দায়িত্ব পালন করছেন। এ সময় প্রকল্পের আওতায় সরকারি ভাতাও উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন আছিয়া খাতুন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ‘হৃদম’। নিয়োগের সময় জমা দেওয়া জীবনবৃত্তান্টে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য উল্লেখ করেন। সেখানে তাঁর জিপিএ দেখানো হয়েছে ৩.৪৪। পাশাপাশি ভাউলাগঞ্জ নেছারিয়া দারুস সালাম আলিম মাদ্রাসা থেকে ২০১৮ সালে দাখিল পাসের তথ্যও উল্লেখ রয়েছে।
আছিয়া খাতুনের বিরুদ্ধে ২০১৮ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন—এমন আরেকটি সনদ ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট দুই পরীক্ষার কোনোটিতেই তাঁর উত্তীর্ণ হওয়ার সত্যতা পাওয়া যায়নি। একই বছরে দুটি ভিন্ন শিক্ষা বোর্ডের সনদ ব্যবহার করায় উভয় সনদের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু ভিডব্লিউবি প্রকল্পেই নয়, এর আগে বিভিন্ন এনজিও ও বীমা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রেও একই ধরনের সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ‘এফএ’ পদে কর্মরত থাকার সময় সহকর্মী কেয়া আক্তারের সহযোগিতায় তিনি এসব সনদ সংগ্রহ করেন। তবে এসব অভিযোগের স্বাধীন ও দাপ্তরিক যাচাই প্রয়োজন।
আছিয়া খাতুনের বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আবুল হোসেনের মেয়ে।
অভিযোগের বিষয়ে সরাসরি সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে আছিয়া খাতুন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সন্তানদের কথা বিবেচনা করে যদি অন্যায় করেও থাকি, তাহলে আপনাদের এত মাথাব্যথা কেন? আমার মূল সনদ কেউ দেখাবে না আপনাদের। এরকম হুমকি অনেক সাংবাদিক দিয়েছে, কেউ নিউজ করতে পারেনি। আপনারা তো নিউজ করতে চেয়েছেন, কই করলেন? করতে পারলে করে দেখাইয়েন। অপেক্ষায় থাকলাম।” তাঁর এমন বক্তব্যে অভিযোগের সত্যতা যাচাইয়ের পরিবর্তে সাংবাদিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সরকারি অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পে নিয়োগের আগে শিক্ষাগত সনদ যাচাই করা হলো না কেন—এমন প্রশ্ন উঠেছে। একই ব্যক্তির নামে দুটি শিক্ষা বোর্ডের সনদ ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ভূমিকা কী হবে? আর সনদ জাল প্রমাণিত হলে এতদিন ধরে চাকরি ও সরকারি অর্থ উত্তোলনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে রয়েছে সংশয়।
স্থানীয়দের দাবি, জাল সনদের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট সনদগুলো শিক্ষা বোর্ডের মাধ্যমে যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নিয়োগে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা কর্তৃপক্ষের কারও দায় এড়ানোর সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
এনজিও হৃদমের দেবীগঞ্জ শাখার ম্যানেজার মোরশেদ জানান, নিয়োগের সময় তাঁরা সনদ জাল হওয়ার বিষয়টি জানতে পারেননি। পরবর্তীতে তিনি স্বামী পরিত্যক্ত নারী হওয়ায় মানবিক বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন এবং হৃদমের নির্বাহী পরিচালক হাসিনা বেগমকেও বিষয়টি অবহিত করা হয়েছে। চলতি মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। তবে সংবাদ প্রকাশ না করার জন্যও তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, তথ্য গোপন করে চাকরি করা কাউকে সরকারি কোনো কার্যক্রমের তদারকির দায়িত্বে রাখার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হৃদম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের ফিল্ড সুপারভাইজার লিয়ন কুমার রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভিডব্লিউবি প্রকল্পে নিয়োগপ্রাপ্ত প্রত্যেক সদস্যের মূল সনদ জমা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সনদগুলো সংগ্রহের পর তা যাচাই-বাছাই করা হবে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সকলের সনদ যাচাই-বাছাইয়ের জন্য মূল সনদ জমা দেওয়ার নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।