ঢাকা

নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, সম্মাননা পেলেন সাংবাদিকসহ পাঁচ গুণী ব্যক্তি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে উদ্‌যাপিত হয়েছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের নরসিংদী জেলা প্রতিনিধি নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুব রহমান। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক এম এ কাইয়ুম।

এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, প্রেস ক্লাবের সহ-সভাপতি হলধর দাস, সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা, হামিদুল হক আহাদ, মো. আমজাদ হোসেন, আরিফুল হাসান, প্রধান শিক্ষক আল আমিন গাজী, কবি আসাদ সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিশিষ্ট সুধীজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান।

এর মধ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন দুখু মিয়াকে সম্মানিত করা হয়।

কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মার্ট এগ্রো কেয়ারের জাকির খাঁন, সাহিত্যে বিশেষ অবদানের জন্য 'সাহিত্যের সন্ধান'-এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও ছড়াকার আসাদ সরকার এবং ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রোমান সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদানের এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে এনপিবি নিউজকে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম বছরের পথচলা উদ্‌যাপনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।

 


সম্পর্কিত খবর