আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল নিজের পরিচিতি ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থী ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মহিউদ্দিন জামিল বলেন, শিল্পনগরী ও শিক্ষানগরী হিসেবে নরসিংদী পরিচিত হলেও এখানে এখনো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ নেই। তিনি নির্বাচিত হতে পারলে নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের পর থেকে নরসিংদীর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোনো শিল্পপ্রতিষ্ঠান থেকে এক টাকাও চাঁদাবাজি হবে না, সেই নিশ্চয়তা দিচ্ছি।"
স্থানীয় অর্থনীতির উন্নয়ন প্রসঙ্গে তিনি নরসিংদীর সুতা ও তাঁত শিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরে হাফেজ মহিউদ্দিন জামিল বলেন, নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসী যেন দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এবং বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে হয়রানি ছাড়া বিদেশ যেতে পারে—সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা করা হবে।
খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি ইসমাইল মোল্লার সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন, সহসভাপতি ইসমাইল জবিহুল্লাহ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।