ঢাকা

নরসিংদীতে সমর্থকদের বাধার মুখে মনোনয়ন প্রত্যাহার করতে পারলেন না জামায়াত প্রার্থী

নরসিংদী-২ (পলাশ) আসনে জোটগত সিদ্ধান্তের প্রতিবাদে দলীয় সমর্থকদের হাতে নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী উপাধ্যক্ষ মো. আমজাদ হোসাইন। এর ফলে সমর্থকদের বাধার মুখে তিনি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে ব্যর্থ হন।

 

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারোয়ারের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের সেক্রেটারি ও মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসাইন মনোনয়নপত্র প্রত্যাহারের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে চাইলে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক শহরের গাবতলী এলাকায় তাঁর বাসা ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দাপ্তরিক প্রক্রিয়ায় অংশ নিতে জেলা জামায়াতের আমির মাওলানা মোসলেহুদ্দিন ওই বাসায় গেলেও উত্তেজিত কর্মীদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন। এ সময় কর্মীরা ‘আসন ছাড়ার সিদ্ধান্ত মানি না’ বলে স্লোগান দিতে থাকেন। দিনভর অবরুদ্ধ থাকায় শেষ পর্যন্ত তাঁর মনোনয়নপত্রটি বহাল থেকে যায়।

 

এ বিষয়ে জেলা জামায়াতের শীর্ষ দুই নেতা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, কর্মীদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত জোটের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

এদিকে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে দুজন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন— নরসিংদী-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ফারুক ভূঁইয়া এবং নরসিংদী-৩ আসনে গণফোরামের জগলুল হায়দার আফ্রিক।

 



সম্পর্কিত খবর