ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তন্ময় আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই মানবিক অগ্রযাত্রায় যারা নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক হাফেজ রায়হানুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।