নোয়াখালীর বেগমগঞ্জে বাসে যাত্রী বেশে ইয়াবা পাচারের সময় মো. জহির হোসেন ওরফে 'জাইল্লা জহির' (৩৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। রোববার রাত ১০টার দিকে বেগমগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-৩ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. জহির হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জহির হোসেন ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী সেজে চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাবে। এই সংবাদের ভিত্তিতে নোয়াখালী টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমানতপুর তপাদার বাজারের উত্তর পাশে বাসটিতে তল্লাশি চালানো হয়। অভিযানে যাত্রীবাহী বাসে বসে থাকা জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছিল। আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।