খুলনা

নড়াইল শিক্ষক সমিতির জেলা ও সদর কমিটি গঠন: সাধারণ সম্পাদক সাখাওয়াত

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নড়াইল জেলা ও সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই নতুন নেতৃত্ব ও কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

 

জেলা কমিটিতে সদরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সাখাওয়াত হোসেন এর আগে প্রধান শিক্ষক পরিষদ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

 

অন্যদিকে, নড়াইল সদর উপজেলা শাখায় ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ সভাপতি এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এ নিয়ে মো. আব্দুর রশিদ পঞ্চমবারের মতো সভাপতি এবং রবীন্দ্রনাথ মন্ডল তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।

 

কমিটির বিশেষ শর্তানুসারে, রবীন্দ্রনাথ মন্ডলের চাকরির মেয়াদ অবশিষ্ট থাকা দুই বছর পর এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

 

কমিটি গঠন অনুষ্ঠানে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মহিদুর রহমান, ফরিদুল ইসলাম, ফকির ওয়াহিদুজ্জামান, ধ্রুব কুমার ভদ্র, হায়দার আলী ও নিমাই চন্দ্র পালসহ শিক্ষক নেতৃবৃন্দ।

 

নবনির্বাচিত কমিটিকে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।



সম্পর্কিত খবর