খুলনা

নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি: পঞ্চমবারের মতো সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নড়াইল সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ পঞ্চমবারের মতো সভাপতি এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৪৭ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডলের চাকরির মেয়াদ আর মাত্র দুই বছর থাকায় একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর অবসর গ্রহণের পর এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

 

এর আগে বুধবার সকালে নড়াইল সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মহিদুর রহমান, ফরিদুল ইসলাম, ফকির ওয়াহিদুজ্জামান, ধ্রুব কুমার ভদ্র, হায়দার আলী ও নিমাই চন্দ্র পালসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।

 

নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি স্থানীয় শিক্ষকদের অধিকার আদায় ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।



সম্পর্কিত খবর