খুলনা

নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হস্তান্তর করলেন পুলিশ সুপার

নড়াইলের বিভিন্ন বাসাবাড়ি, হাটবাজার ও মেলাসহ লোকালয় থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইইউ)। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের কারো মোবাইল ফোন চুরি বা হারিয়ে গিয়েছিল এক বছর আগে, আবার কারো ছয় মাস বা তার চেয়ে কম কিংবা বেশি সময় আগে।

শহরের মাছিমদিয়া এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ ও ভওয়াখালীর তিথি বিশ্বাসসহ কয়েকজন ভুক্তভোগী বলেন, “মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশকে অবহিত করলে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আমরা ফোন হাতে পেয়ে অনেক খুশি। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এভাবে জনগণের সেবা করে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিৎ ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করেন।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, “আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ জনগণের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় সোমবার ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”



সম্পর্কিত খবর