বরিশাল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইনসাফ কায়েমের বিকল্প নেই: আল্লামা মামুনুল হক

এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আল্লামা মামুনুল হক বলেন, “আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করতে হবে।”

 

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রধান বক্তার বক্তব্যে বলেন, দেশ গড়ার লড়াইয়ে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের জায়গা হবে না। বাউফলবাসী ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন, যা এই জনপদের জন্য ইতিবাচক।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শামীম সাঈদী নৈতিকতা ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল গড়ার প্রতিশ্রুতি দেন।

 

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমবেত হন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিজয়ী করার আহ্বান জানান।



সম্পর্কিত খবর