চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে এনসিপি প্রার্থীর পদত্যাগ, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সাথে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির দেওয়া মনোনয়ন প্রত্যাখ্যান করে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের বর্তমান রাজনৈতিক গতিপথ ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাকে দায়ী করেছেন। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, এনসিপি সম্ভাব্য একটি নতুন জোটে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করায় তিনি সম্পর্ক ছিন্ন করেছেন।

 

বিবৃতিতে আরশাদুল হক বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসের অভিজ্ঞতায় প্রতীয়মান হয়েছে যে, এই দল লক্ষ্য রক্ষায় ব্যর্থ হয়েছে। দল ও নেতার বড় অংশ ভুল পথে আছেন বলেই আমি মনে করি। এই মুহূর্ত থেকে এনসিপির সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।”

 

একই দিনে বিএনপি নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ধারণ করে দেশ পরিচালনার সক্ষমতা তিনিই রাখেন।”

 

মীর আরশাদুল হকের এই আকস্মিক পদত্যাগ ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ ও সমীকরণের সৃষ্টি হয়েছে। এনসিপি স্থানীয়ভাবে বড় কোনো জোটের অংশ হতে যাচ্ছে কি না, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

 


সম্পর্কিত খবর