জাতীয়

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫), ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়।

 

বাংলাদেশের পক্ষে স্মারকটিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ. ই. (H.E.) মিস্টার জোরিস ভ্যান বোমেল (Mr. Joris Van Bommel)।

1-1483

ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি নৌ-প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতার ক্ষেত্রে একটি যুগান্তকারী কাঠামো স্থাপন করেছে। এই স্মারকের ফলে নৌ-প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সুরক্ষা নীতি অনুযায়ী তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তা প্রদানের সুযোগ আরও বিস্তৃত হবে।

 

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন জি. ক্লেইন (Captain G. Klein), নেদারল্যান্ডস দূতাবাসের অর্থ-বাণিজ্য ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সিনিয়র উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকগণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন শাখার মহাপরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের নৌ-উপদেষ্টা।

 

কর্তৃপক্ষ আশা করছে, এই ঐতিহাসিক স্মারকটি স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে, যা বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে বিধায়, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর