বরিশাল

বাউফলে নির্ধারিত দামের তোয়াক্কা নেই, ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগ উঠেছে। নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও খুচরা বাজারে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

 

সরজমিনে বাউফল বাজার ঘুরে দেখা গেছে, প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় ১৪৪ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলো এতে চরম আর্থিক চাপের মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ী কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন।

 

বাউফল বাজারের বাসিন্দা তানজিলা নামের এক গৃহিণী বলেন, "সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন, অথচ বাজার তদারকি করার কেউ নেই।"

 

আরেকজন ক্ষুব্ধ ভোক্তা জানান, মাত্র এক সপ্তাহ আগে ১ হাজার ২৫০ টাকায় কেনা সিলিন্ডার এখন ১ হাজার ৪৫০ টাকায় কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা পরিবহন খরচ বৃদ্ধির অজুহাত দেখালেও ভোক্তারা একে 'লুটপাট' হিসেবে অভিহিত করেছেন।

 

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত বাজার তদারকি এবং উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা না হলে এই নৈরাজ্য থামানো সম্ভব নয়। তারা অবিলম্বে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 



সম্পর্কিত খবর