পটুয়াখালীর বাউফলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি ও শহীদ পরিবার পৃথক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা তিনটায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ মেহেদীর মা মাহমুদা বেগম অভিযোগ করেন, শুক্রবার দুপুরে ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ এলাকায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তায় বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা তাঁর স্বামীর ওপর হামলা চালায়। তিনি বলেন, “বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের অনুসারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” মোশারেফ হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অন্যদিকে, দুপুর আড়াইটায় উপজেলা বিএনপি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “বাসের টিকিট নিয়ে সাধারণ যাত্রীর সঙ্গে মোশারেফ হোসেনের কথা-কাটাকাটি হয়েছে। ওই তুচ্ছ ঘটনাকে রং লাগিয়ে একটি রাজনৈতিক পক্ষ শহীদ পরিবারকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন অনলাইন পোর্টাল ঢাকা টাইমস-এর প্রতিবেদক মেহেদী হাসান। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।