বরিশাল

বামনায় ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মানহানির ক্ষতিপূরণ দাবিতে ডা. মো. আমীর হামজার সংবাদ সম্মেলন

“জরায়ু টিউমারের অপারেশন করাতে গিয়ে লাশ হলেন রেনু বেগম: ভুল চিকিৎসা ও প্রলোভন দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ”—শিরোনামে বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডা. মো. আমীর হামজা। সংবাদ সম্মেলনে তিনি জানান, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর হলতা গ্রামের বাসিন্দা ও দুলাল মিয়ার স্ত্রী রেনু বেগম গত ১১ অক্টোবর কাকচিড়া সার্জিকেয়ার ক্লিনিকে জরায়ু টিউমারের সমস্যা নিয়ে ভর্তি হন।

ভর্তির পর প্রাথমিক পরীক্ষায় তাঁর উচ্চ রক্তচাপ ধরা পড়ায় দুই দিন পর রক্তচাপ নিয়ন্ত্রণে এলে গত ১৪ অক্টোবর তাঁর জরায়ু টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয় এবং তিনি ধীরে ধীরে সুস্থতা বোধ করেন। কিন্তু গত ১৯ অক্টোবর রেনু বেগমের বুকে ব্যথা ও সামান্য শ্বাসকষ্ট শুরু হলে একটি ইসিজি পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে সামান্য সমস্যা ধরা পড়ে। পরে দ্রুত রেনু বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে পুনরায় ইসিজি করার পর হৃদযন্ত্রের সমস্যার যে রিপোর্ট পাওয়া যায়, তা তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রেনু বেগম। তিনি আরও জানান, রেনু বেগমকে সরাসরি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) দাপ্তরিক প্রমাণাদি তাঁদের কাছে সংরক্ষিত আছে।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মৃত রেনু বেগমের স্বামী দুলাল মিয়া ডা. মো. আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে আনিত অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি জানান, তাঁর স্ত্রী রেনু বেগম অপারেশনের কারণে নয়, বরং হৃদযন্ত্রের সমস্যার কারণেই মারা গেছেন।

 


সম্পর্কিত খবর