বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন রায় ঘোষণা করবেন।
শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকায় এ তথ্য জানা গেছে। এর আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত এ মামলার রায় ঘোষণা করেন, যেখানে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর নিম্ন আদালতের রায় পর্যালোচনার জন্য ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টে এ মামলার আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানির পর আগামীকাল রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে, যা বহুল প্রতীক্ষিত।
এই রায়ের মাধ্যমে আবরার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বায়ান্ন/এএস