আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিবেশী দেশকে ন্যায্য হিস্যা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ভারত পানি বণ্টনে এখনো কোনো সুরাহা দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের জে আর সেন্টারে তিস্তা নদী বিষয়ক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, পানির হিস্যা নিয়ে আলোচনার সময় ভারত সরকার সব সময় পশ্চিমবঙ্গ সরকারের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে গেছে। তিনি বলেন, “পানির সঠিক হিস্যা পেলে তিস্তা নদী আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছাত না। আমরা ক্ষমতায় গেলে শুধু পানিবণ্টন নয়, তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করব।”
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই সভায় মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিবিদদের সৃজনশীল হওয়া প্রয়োজন। তিস্তা আন্দোলন ও গবেষণায় আসাদুল হাবিব দুলুর ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।