চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাটিরাঙা উপজেলা সমবায় অফিসার আমান উল্যাহ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম এবং পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

 

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, সমবায় পারে একটি অনগ্রসর জাতিকে স্বাবলম্বী করে তুলতে। সম্পদ সীমিত হলেও জনসম্পদ বেশি, যা যথাযথভাবে কাজে লাগাতে পারলে সমাজ তথা রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাঁরা আরও উল্লেখ করেন, ১৯০৫ সাল থেকে সমবায় সমিতির কার্যক্রম শুরু হয় এবং সমবায় অফিসের সঠিক দিকনির্দেশনায় বিভিন্ন সমিতি গঠনের মাধ্যমে সদস্যরা নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে সক্ষম হয়েছেন। বক্তারা একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ ও আত্মবিশ্বাস রেখে সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবদুর রহিম মজুমদার, মাটিরাঙা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. হারুন, মাটিরাঙা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সাদ্দাম, উপজেলার দশটি সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।



সম্পর্কিত খবর