মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ পরিচালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে জেলার বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় একযোগে এই অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগ কর্মী সমাইল হোসেন রাজন ও অশোক দেববর্মা, এবং জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়া।
পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে চলমান এই অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।