খুলনা

যশোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের দড়াটানা জামে মসজিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।

 

দড়াটানা জামে মসজিদের মাহফিলে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু ও সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু।

 

দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

 

দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি এতে আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজরুল হক খোকন।

 

যশোর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল জেলা সদরেই নয়, দলীয় নেতাকর্মীদের উদ্যোগে জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতেও আজ একই সময়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



সম্পর্কিত খবর