খুলনা

যশোরের শার্শা-বেনাপোলবাসীর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন ইউএনও ডা. কাজী নাজিব হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ব্যাপক প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে খুলনা বিভাগের শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসানকে বদলি করা হয়েছে। এই দক্ষ ও মানবিক কর্মকর্তার বদলিতে শার্শা এবং বেনাপোলবাসী গভীরভাবে মর্মাহত। গত এক বছর ধরে দায়িত্ব পালনকালে তিনি তাঁর সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সাধারণ মানুষের 'আশার বাতিঘর' হিসেবে বিবেচিত হয়েছেন এবং তাঁদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

 

মানবিকতা ও কর্মদক্ষতা:

 

ডা. কাজী নাজিব হাসান একজন এমবিবিএস খেতাবপ্রাপ্ত চিকিৎসক এবং একই সাথে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। গত এক বছর তিনি শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সীমিত সময়ে তিনি বৃহত্তর শার্শা উপজেলাসহ বেনাপোল পৌরসভাকে আধুনিকায়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

 

তিনি ছিলেন একজন মানবিক ও ন্যায়বাদী কর্মকর্তা, যিনি মানুষের অসুবিধা শুনলেই সদয় সাড়া দিতেন এবং সরকারি সাহায্য অকাতরে পৌঁছে দিতেন।

 

শার্শা-বেনাপোলবাসী যেকোনো দুর্যোগে বা সংকটে তাঁকে পাশে পেয়েছেন।

 

উল্লেখযোগ্য উন্নয়ন ও মানবিক কার্যক্রম:

 

তাঁর দায়িত্বকালে শার্শা-বেনাপোল এলাকায় বাস্তবায়িত উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি ও মানবিক উদ্যোগ নিচে তুলে ধরা হলো:

 

পানি ও জনস্বাস্থ্য: বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে যশোর-বেনাপোল হাইওয়ের পাশে একটি 'আর্সেনিক ও আয়রন মুক্ত পানির প্ল্যান্ট' স্থাপন; যা পথচারী ও এলাকাবাসীর বিশুদ্ধ খাবার পানির চাহিদা মিটিয়েছে।

 

আলো ও অবকাঠামো: শার্শা উপজেলার প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ডেকোরেটিভ টাওয়ার লাইট স্থাপন এবং শার্শা ও বেনাপোল বাজারে হাই মাস টাওয়ার লাইট স্থাপন।

 

যোগাযোগ ও নির্মাণ: বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন কাজগুলো টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন। হাবিবুর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কালভার্ট ও নতুন রাস্তা নির্মাণ। বেনাপোল পৌর ভবন-বাহাদুরপুর রোড, বড় আঁচড়া-দৌলতপুর রোড, বড় আঁচড়া-ছোট আঁচড়া লিংক রোড, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন।

 

শিক্ষা ও প্রশিক্ষণ: উচ্চমাধ্যমিক স্তরের দরিদ্র শিক্ষার্থীদের পাঠ্যবই ক্রয়ে সার্বিক সহায়তা প্রদান। যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘কেয়ার গিভিং’ এবং ‘গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, এআই, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন’ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 

নিরাপত্তা ও সচেতনতা: ডেঙ্গু প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট ও বাস টার্মিনাল এলাকায় মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ। শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের অননুমোদিত রেল ক্রসিংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী গেট স্থাপন ও গেটম্যানের ব্যবস্থা করা।

 

ধর্মীয় ও সামাজিক: বেনাপোল আন্তর্জাতিক পৌর গেটে কালেমা তৈয়বা (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ) লেখা স্থাপন (রঙিন বাতি সম্বলিত)। ২৯টি দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশ সরকারের পক্ষ হতে মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে চালের উপ-বরাদ্দ প্রদান। বেনাপোল পৌর বলফিল্ড ঈদগাহ ময়দানের জন্য চার হাজার ফিট নামাজের কার্পেট প্রদান।

 

মানবিক উদ্যোগ: প্রতারণার শিকার হওয়া জামতলা এলাকার এক প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান। ক্যান্সারে আক্রান্ত বেনাপোলের শিশু রাফিয়া (৬ বছর)-এর চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ানো। অভিভাবকহীন অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতককে দত্তক পরিবারের কাছে হস্তান্তর।

 

অন্যান্য উন্নয়ন: শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহাদুরপুর বাওড় ডিসি ইকো পার্কে ‘বোট ক্লাব’ চালু করা এবং RUTDP প্রকল্পের আওতায় ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি:’, বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর।

 

গত এক বছরে এমন হাজারো কাজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শার্শা এবং বেনাপোল এলাকা। তাঁর এই বদলি স্থানীয় মানুষের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

 


সম্পর্কিত খবর