সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ রবিবার (২৩ নভেম্বর, ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ 'আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে' এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের এই সংবর্ধনা দেওয়া হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এসময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে সেনাপ্রধান ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৬৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
সেনাবাহিনী পদক (এসবিপি): ০৯ জন
অসামান্য সেবা পদক (ওএসপি): ১৭ জন
বিশিষ্ট সেবা পদক (বিএসপি): ৩৮ জন
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনাবাহিনী সদর দপ্তর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।