সৌদি আরবের কাছে প্রায় ১৯৬ কোটি মার্কিন ডলার মূল্যের উন্নত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার উন্নত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থার দ্বিতীয় সংস্করণের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র এবং আরও ১০ হাজার আকাশ থেকে ভূ-পৃষ্ঠে ব্যবহারের নির্দেশনা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে শক্তিশালী করবে।
পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে।
এতে আরও বলা হয়েছে, নতুন এই অস্ত্র সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় আরও কার্যকর হতে সহায়তা করবে।
একই সঙ্গে মার্কিন বাহিনী, ন্যাটো এবং অন্যান্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে সৌদি আরবের সামরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস।
চুক্তির আওতায় প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার জন্য দীর্ঘমেয়াদে সৌদি আরবে অবস্থান করবেন ১৫ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন মার্কিন ঠিকাদার।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মিশরে দুই দেশের সামরিক বাহিনী যৌথ সরাসরি গোলাবর্ষণ মহড়ায় অংশ নেয়, যা তাদের ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বের আরেকটি উদাহরণ।