রংপুর

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও প্রদর্শনী শুরু হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ প্রদর্শনী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. আব্দুল কাদের।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোয়াইবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. শহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং খামারি আবুল আলিম, শিমু আক্তার ও মফিদুল ইসলাম। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপলক্ষে অফিস চত্বরে খামারিদের বিভিন্ন স্টল বসানো হয়। বক্তব্য শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।

আগামী ২৭ নভেম্বর সকালে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান ক্যাম্প, বিনামূল্যে পশুচিকিৎসা ক্যাম্প, কৃমিনাশক বিতরণ এবং ভ্রাম্যমাণ প্রচারণা চালানো হবে। এ ছাড়া ২৮ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 


সম্পর্কিত খবর