নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মাসুদ রানাকে (৪০) গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আফজাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাসুদ রানাকে ধরতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। সবশেষ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি নওগাঁ জেলা সদরে আত্মগোপন করে আছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে স্ত্রী হত্যা ও মারপিটসহ তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।