সিলেট

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের রান্নাঘরে থালাবাসন রাখার শেলফের ভেতর থেকে অত্যন্ত বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর বস্তিতে রফিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা রান্নাঘরে থালাবাসন রাখার শেলফের ভেতরে হঠাৎ সাপটি দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির মালিক রফিক মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি শঙ্খিনী (Banded Krait), যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টরা জানান, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেগুলোকে বিরক্ত বা নিজে থেকে ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগকে অবহিত করতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তাঁরা।

বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 


সম্পর্কিত খবর