দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতার জীবনের ইতি টেনে অবসরে গিয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে। এরপর অবসর জীবনের সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে একসময় দুশ্চিন্তায় ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলায়মান হোসেন। তবে কর্মহীন হয়ে বসে থাকার পথ বেছে নেননি তিনি; বরং অবসরকে পরিণত করেছেন নতুন সম্ভাবনায়। হাতে তুলে নিয়েছেন কৃষিকাজের দায়িত্ব। তিন বিঘা জমিতে পুকুর খনন করে শুরু করেন মাছ চাষ এবং পুকুরপাড়ে গড়ে তোলেন সমন্বিত ফল ও সবজির বাগান। পাশাপাশি দুই বিঘা জমিতে আবাদ করেছেন ড্রাগন ফল। তাঁর এই উদ্যোগ এখন তৈরি করেছে সফলতার এক অনন্য দৃষ্টান্ত। কৃষিকাজ থেকে সব খরচ বাদে তাঁর বার্ষিক আয় হচ্ছে পাঁচ লাখ টাকার বেশি।
সম্প্রতি কালীগঞ্জ পৌর এলাকার চাচড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা এক ব্যতিক্রমী কৃষি খামার। মাঝখানে বিশাল পুকুর, চারপাশের পাড়জুড়ে নানা জাতের ফলদ ও সবজি গাছ। কোথাও থোকায় থোকায় ঝুলছে পেঁপে, কোথাও কলাগাছের কাঁদি, আবার কোথাও শোভা পাচ্ছে কুল-বরই ও খেজুরগাছ। পুকুরের চারপাশজুড়ে সারি সারি পেঁপেগাছে ধরেছে প্রচুর ফল। গাছের ডালপালা ভারী হয়ে আছে কাঁচা ও পাকা পেঁপেতে। পুকুরপাড়ের এই বাগানে রয়েছে টপ লেডি, বারি পেঁপে-১, রেড লেডি-৭৮৬, তাইওয়ান-৭৮৬, সোলো, কাপোহো ও মারাডলসহ বিভিন্ন জাতের পেঁপে। জাতভেদে ফলের আকার, রং ও বৈশিষ্ট্যেও রয়েছে ভিন্নতা।
প্রায় তিন বছর আগে নিজের জমিতে পুকুর খননের মাধ্যমে এই কৃষি উদ্যোগের সূচনা করেন সোলায়মান হোসেন। প্রথমে পুকুরে মাছ চাষ শুরু করেন। পরে পুকুরের চারপাশের জমি অব্যবহৃত না রেখে সেখানে পরিকল্পিতভাবে ফল ও সবজির চাষ শুরু করেন। একে একে যুক্ত করেন বিভিন্ন জাতের পেঁপে, কলা, কুল-বরই ও খেজুরগাছ। একই সঙ্গে প্রায় দুই বিঘা জমিতে শুরু করেন ড্রাগন ফলের আবাদ। ধীরে ধীরে তাঁর এই উদ্যোগ রূপ নেয় সমন্বিত কৃষি খামারে।
পেঁপে চাষে এবার বিশেষ সফলতা পেয়েছেন তিনি। বিভিন্ন জাতের পেঁপেগাছে আশানুরূপ ফলন হওয়ায় খুশি এই কৃষি উদ্যোক্তা। পুকুরপাড়ের তুলনামূলক কম ব্যবহৃত জায়ഗাকে কাজে লাগিয়ে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করছেন। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি একাধিক উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হয়েছে। পুকুরে মাছ, পাড়ে ফল ও সবজি—সব মিলিয়ে তাঁর খামার এখন বহুমুখী কৃষি উৎপাদনের একটি উজ্জ্বল উদাহরণ।
মাছ চাষেও সাফল্য পেয়েছেন সোলায়মান হোসেন। পুকুরে রুই, কাতলা, চিতল, পাঙাশ, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। ফলে একই খামার থেকে মাছ ও ফলমূল উৎপাদন করে বাড়তি আয় করছেন। কৃষিকাজের পাশাপাশি খামারের পরিচর্যা, গাছের যত্ন, মাছের খাবার দেওয়া এবং উৎপাদিত ফসলের বাজারজাতকরণেও নিয়মিত সময় দিচ্ছেন তিনি।
সোলায়মান হোসেন বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে শিক্ষকতা থেকে অবসরে যাই। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। অবসরে যাওয়ার পর মনে হলো, বসে না থেকে কিছু একটা করা প্রয়োজন। কারণ অলসভাবে বসে থাকলে শরীরে নানা ধরনের রোগব্যাধি বাসা বাঁধতে পারে। নিজের জন্য এবং দেশের জন্য কিছু করার চিন্তা থেকেই কৃষিকাজে মনোনিবেশ করি।’
তিনি আরও বলেন, ‘নিজের প্রায় তিন বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করি। পাশাপাশি পুকুরপাড়ে সমন্বিতভাবে বিভিন্ন ফল ও সবজির আবাদ করি। মাঠে প্রায় দুই বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছি। এখন মাছ, পেঁপে, ড্রাগন, কলা, বরইসহ বিভিন্ন ফসল উৎপাদন করছি। সব খরচ বাদ দিয়ে বছরে পাঁচ লাখ টাকার বেশি আয় করতে পারছি। এতে আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, চাকরির আশায় বসে না থেকে কিংবা চাকরি থেকে অবসরের পর অলস সময় না কাটিয়ে কৃষিকাজে যুক্ত হওয়া একটি সম্মান ও স্বাধীন পেশা। এতে নিজের যেমন উপকার হয়, তেমনি দেশের কৃষি উৎপাদনেও অবদান রাখা যায়। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ভালো আছি।’
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে সোলায়মান হোসেনের। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে কাজ করছেন। বর্তমানে ‘চিত্রা নিউজ টুয়েন্টিফোর ডটকম’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, সাংবাদিকতা ও কৃষি—এই তিন ক্ষেত্রেই নিজের সম্পৃক্ততা ধরে রেখেছেন তিনি।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, ‘সোলায়মান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। অবসরে যাওয়ার পর কৃষিকাজে মনোনিবেশ করে তিনি সফলতা পেয়েছেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি চাইলে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং আধুনিক চাষাবাদ বিষয়ে পরামর্শ দিয়ে আমরা তাঁর পাশে থাকব।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, ‘সোলায়মান ভাই মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন, এটি একটি ভালো উদ্যোগ। মাছ চাষের বিষয়ে তাঁর প্রশিক্ষণ, পরামর্শ কিংবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাধ্যমতো সহযোগিতা করা হবে।’
সোলায়মান হোসেনের এই উদ্যোগ শুধু তাঁর নিজের অবসর জীবনকেই কর্মমুখর করেনি, বরং স্থানীয়ভাবে কৃষির নতুন সম্ভাবনাও তৈরি করেছে। তাঁর খামার দেখতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। অবসর মানেই কর্মহীনতা নয়, ইচ্ছা ও পরিকল্পনা থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু করা যায়, সোলায়মান হোসেনের কৃষি উদ্যোগ যেন সেই বার্তাই দিচ্ছে।