রাজশাহী

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬ জন আহত

নওগাঁর রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে মারপিটের ঘটনায় গ্রামপুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামে। এ ঘটনায় গ্রামপুলিশ রিপন হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে ও কালীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা গ্রামপুলিশ রিপন হোসেন (২৬) জানান, তাঁর আপন চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় গত ৩-৪ মাস আগে তাঁর স্ত্রীকে তালাক প্রদান করেন। কিন্তু রনি ইসলাম সৌদি আরব যাওয়ার সময় তাঁর স্ত্রী বিভিন্ন লোকজনের নিকট থেকে ধারের নেওয়া কয়েক লাখ টাকা ফেরত না দেওয়ায় বাড়ি ছেড়ে যাননি। এরই মধ্যে সোমবার রাতে রনি ইসলাম সৌদি আরব থেকে বাড়িতে পৌঁছে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে রনি ইসলাম আবারও তাঁর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে দ্বন্দ্ব শুরু হয়। এ সময় গ্রামপুলিশ রিপনের মা দ্বন্দ্ব থামাতে এগিয়ে গেলে তাঁকে মারধর করা হয়। এরপর রিপনের বাবা এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে রিপন হোসেন মোবাইল ফোনে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এতে রিপন, তাঁর মা এবং বাবা আহত হন বলে দাবি করেন রিপন হোসেন। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে রনি ইসলাম দাবি করে বলেন, ‘নানা অসংগতির কারণে সৌদি আরব থাকা অবস্থায় গত ৪ মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছি। কিন্তু রিপন এবং রিপনের বাবা-মায়ের কারণে তালাকের পরেও আমার স্ত্রী বাড়ি ছেড়ে যাননি। সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়িতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সকালে আবারও বাড়ি থেকে বের হয়ে যেতে বললে গ্রামপুলিশ রিপন এবং তার বাবা-মা আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করেন।’ এতে রনি ইসলাম, রনির মা এবং ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমার মাথায় কয়েকটি এবং আমার মায়ের মাথায় ২১টি সেলাই রয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘রাতোয়াল গ্রামে মারপিটের ঘটনায় গ্রামপুলিশ রিপন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পর্কিত খবর