রংপুর

সরকারের বরাদ্দ যেন আমরা অসহায়-দুস্থদের মাঝে পৌঁছে দিতে পারি, তাহলে সরকারের ভাবমূর্তি, তারেক রহমানের ভাবমূর্তি বাড়বে

“সরকারের বরাদ্দ যেন আমরা অসহায়-দুস্থদের মাঝে পৌঁছে দিতে পারি, তাহলে সরকারের ভাবমূর্তি এবং তারেক রহমানের ভাবমূর্তি বাড়বে,” বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, “ঢাকায় থাকলেও সব সময় চিন্তা করি কীভাবে সরকারি বরাদ্দ আনা যায়; বোদা-দেবীগঞ্জের উন্নয়ন কীভাবে করা যায়। সরকারের বরাদ্দ আনার পর যারা পাওয়ার যোগ্য, যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে, তারা যেন পায়—সেদিক বিবেচনা করেই তা দেওয়া হবে। এখানে যেন বন্ধুবান্ধব, ধর্মীয় কিংবা আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে বিচার করা না হয়। এমনকি দলীয় দৃষ্টিকোণ থেকেও বিচার করা হবে না। আমাদের প্রয়োজন অনেক, কিন্তু প্রাপ্তি ও সামর্থ্য সীমিত।”

তিনি আরও বলেন, “বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন করলে প্রশাসন ও প্রতিমন্ত্রীর ভাবমূর্তিও বাড়বে। গত অর্থবছরে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভাঙা বাজেট ছিল, সেটা দিয়েই আমরা কাজ করেছি। এবার তারেক রহমানের সরকার ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এ বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বিরোধী দল নানা ধরনের বিরূপ মন্তব্য ও কাল্পনিক কথা বলছিল। এ বাজেটের অর্থ দিয়েই আমরা সরকারের বরাদ্দ মানুষের কাছে পৌঁছে দেব।”

প্রতিমন্ত্রী বলেন, “সরকারি খাসজমি দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরের যেসব খাসজমি রয়েছে, সেগুলো দখল করে অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সেগুলো উচ্ছেদ করে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা হবে। এজন্য সবাই আমাকে সহযোগিতা করছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। যাদের দোকানঘর ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে—এমনকি তিন-চারতলা ভবন পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে—তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৪৮ বান্ডিল ঢেউটিন এবং গৃহমঞ্জুরির নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এসব ঢেউটিন ও গৃহমঞ্জুরির অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৪টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং ২টি মসজিদে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় দুস্থ মানুষেরা।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 


সম্পর্কিত খবর