খাগড়াছড়ির পানছড়ির ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী নদীর তীব্র ভাঙন হুমকির মুখে ফেলেছে স্থানীয় অন্তত ১০টি পরিবারকে। নদীগর্ভে বসতভিটা বিলীন হওয়ার উপক্রম হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।
পরিবারের মাথা গোঁজার একমাত্র নিরাপদ আশ্রয় হলো বসতভিটা। নদীর ভাঙনে ধীরে ধীরে সেই আশ্রয়ই যখন বিলীন হওয়ার পথে থাকে, তখন দিন কাটে চরম আতঙ্কে।
উপজেলার লোগাং বাজারের চর এলাকায় নদীভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গা, ফসলি জমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
নদীভাঙন এভাবে অব্যাহত থাকলে বসতভিটা হারিয়ে কোথায় আশ্রয় নেবেন, কীভাবে পরিবার-পরিজন নিয়ে দিন কাটাবেন—এমন শঙ্কা তাদের তাড়া করে ফিরছে প্রতিনিয়ত।
স্থানীয়দের অভিযোগ, চেঙ্গী নদী ও তারাবন ছড়ার সংযোগস্থলে পাহাড়ি ঢলের পানি সরাসরি চর এলাকায় আঘাত হানায় প্রতিনিয়ত ভাঙন অব্যাহত রয়েছে। এতে একদিকে বসতবাড়ি, অন্যদিকে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙন চলতে থাকায় ইতোমধ্যে মাথা গোঁজার শেষ ঠাট্টুকু হারিয়ে কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে আরও অন্তত ১০টি পরিবার চরম ঝুঁকির মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীভাঙনের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
লোগাং বাজারের ব্যবসায়ী মো. শাহিন আলম বলেন, “নদীর তীব্র ভাঙনের ফলে বিগত বছরগুলোতে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছেন। এখনো ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি সহায়সম্বলহীন অসহায় পরিবার। ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে নিঃস্ব হতে হবে।”
নদীর তীরে বসবাসকারী স্থানীয় মালেকা বেগম বলেন, “প্রতিবছর নদীর তীর যেভাবে ভাঙছে, তাতে ভয় আর আতঙ্কে দিন কাটছে। কখন যে আমার মাথা গোঁজার ঠাঁইটুকু নদীগর্ভে চলে যায়! তখন একমাত্র মেয়েকে নিয়ে কোথায় যাবো, কী করবো জানি না। আমাদের মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।”
ভুক্তভোগীদের দাবি, জরুরি ভিত্তিতে চেঙ্গী নদীর ভাঙনের কারণ চিহ্নিত করে স্থায়ী ও পরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যথায় অচিরেই আরও অনেক পরিবার বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে।
এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন দৈনিক বায়ান্ন-কে জানান, “আমি এ বিষয়ে অবগত ছিলাম না। এখন বিষয়টি জানতে পারলাম, দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”