ঢাকা

মাছ-মুরগির নাড়িভুঁড়ি পুড়িয়ে তৈরি হচ্ছে ফিড, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মাছের উচ্ছিষ্ট ও মুরগির নাড়িভুঁড়িসহ বিভিন্ন প্রাণিজ বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে মাছ ও পোলট্রি ফিড। আর এসব বর্জ্য পোড়ানোর তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই নরসিংদীর পাঁচদোনার কবিরাজপুর দাসপাড়া আবাসিক এলাকায় প্রায় তিন বছর ধরে এ কারখানাটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পরিবেশদূষণের পাশাপাশি তীব্র জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।

সরেজমিন দেখা যায়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মধ্যেই গড়ে তোলা হয়েছে মাছ ও পোলট্রি ফিড তৈরির এই কারখানা। সেখানে মাছের উচ্ছিষ্ট ও মুরগির নাড়িভুঁড়িসহ বিভিন্ন প্রাণিজ বর্জ্য আগুনে পুড়িয়ে ও প্রক্রিয়াজাত করে ফিড তৈরি করা হচ্ছে। বর্জ্য পোড়ানোর ফলে আশপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র ও ঝাঁঝালো দুর্গন্ধ।

স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার উৎকট দুর্গন্ধে ঘরে বসবাস, রান্নাবান্না এমনকি স্বাভাবিকভাবে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তাঁরা। এলাকার অনেকেই এরই মধ্যে শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন বছর ধরে আবাসিক এলাকায় এভাবে কারখানাটি চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় কারখানাটি পরিচালিত হচ্ছে বলেও দাবি তাঁদের। বিভিন্ন সময় স্থানীয়রা বাধা দিয়েও কোনো সুফল পাননি।

পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন ও জনবসতিপূর্ণ এলাকায় প্রাণিজ বর্জ্য পোড়ানোর এমন কার্যক্রম অবিলম্বে বন্ধ করে কারখানাটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরেজমিন পরিদর্শন করে কারখানাটির কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, কেবল পরিদর্শন বা আশ্বাস নয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



সম্পর্কিত খবর