শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁকে ফেরানোর আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা ও বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। অন্যদিকে সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গত রোববার (২২ নভেম্বর) থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি শুরু করে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকেই বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারার প্রস্তুতি নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাতে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করতে দেখা যায়। শোভাযাত্রা থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী স্লোগান দেওয়া হয়। এতে বেনাপোল সীমান্ত এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।
এদিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বেও স্থলবন্দর এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সীমান্তের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দেওয়ার পাশাপাশি সীমান্তের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
তিনি আরও জানান, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন।