ধারণক্ষমতার চার গুণ বেশি আসামি নিয়ে চলা কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় এক চায়ের দোকানদার জানান, সকালে দোকানে এসে তিনি জেলা কারাগারের সামনে বোমা বিস্ফোরণের খবর শোনেন। ভোরের আলো ফোটার আগে রাস্তা ফাঁকা থাকায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ দেখতে পায়নি।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন। ডিসেম্বরকে ঘিরে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত এসে জেলা কারাগারের প্রধান ফটকে বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে কারারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, “একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।”