হবিগঞ্জের চুনারুঘাটে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রাসলীলা। বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হয়েছে এ উৎসব।
উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে মণিপুরিদের আবাসস্থলে ঐতিহ্যবাহী মহা-রাসলীলা উৎসবে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় ৮৪তম রাসনৃত্য। পরে তা শেষ হয় বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে। এতে মণিপুরি শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্য মুগ্ধ করে দর্শনার্থীদের। রাতভর নৃত্যের মাধ্যমে রাধা-কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়।
উৎসবস্থলে রাসলীলা দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও পর্যটকদের ঢল নামে। উৎসব উপলক্ষে বসেছিল গ্রামীণ মেলাও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
রাস উৎসবে অংশ নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে মণিপুরিরা প্রথম রাসলীলা উৎসব পালন করেন। সেই ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এই উৎসবের আয়োজন করে আসছেন।
রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, “রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধা-কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে।”