অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন এবং জ্বালানি ও শ্রম খাতে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

একই সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং।

 

এর আগে তিনি প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে ফিলিপ ওংকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান হুমায়ুন কবির। পাশাপাশি জলবায়ু সহযোগিতাবিষয়ক সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

 

জবাবে ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

 

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের (এএসইএএন) সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটের সদস্য করার আকাঙ্ক্ষা পূরণে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

এছাড়া গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা চান তিনি।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বৃহস্পতিবার এসব তথ্য জানান।



সম্পর্কিত খবর